যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সভায় এক শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত ও এক শিক্ষককে শৃঙ্খলাবিরোধী নানা কার্যকলাপের অভিযোগে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ছাত্ররাজনীতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুুর রশিদ জানান, সভায় উচ্ছৃঙ্খল ও অছাত্রসুলভ আচরণ প্রমাণিত হওয়ায় ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এস এম একরামুল কবির দ্বীপকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে হলের অভ্যন্তরসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থান এবং প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়। এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নসহ ইতিপূর্বে শৃঙ্খলাবিরোধী নানা কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সহকারী অধ্যাপক সম্রাট কুমার দেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয়।
×
