রোহিঙ্গাদের মারধরে ৩ জার্মান সাংবাদিক আহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জার্মানির তিন সাংবাদিক ও পুলিশসহ ৬ জনকে ব্যাপক মারধর করেছে রোহিঙ্গারা। এ সময় ভেঙে দেওয়া হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এই ঘটনা ঘটে।

আহত জার্মান সংবাদিকরা হলেন, ইয়োচো লিওলি (৪২), এস্ট্যাটিউ এপল (৪৫) ও গ্রান্ডস স্ট্যাফু (৪০)। এতে আহত হন জার্মানদের বাংলাদেশি দোভাষী মো. সিহাবউদ্দিন (৪১) ও গাড়িচালক নবীউল আলম (৩০)। আহত জার্মানরা কোনো গণমাধ্যমের সাংবাদিক তা জানাতে পারেনি পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষ ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা-কাপড় কিনে দিচ্ছিলেন। এ সময় দুই রোহিঙ্গা শিশুকে সাংবাদিকদের গাড়িতে বসা দেখে তাদের পাচার করে যাচ্ছে মনে করে রোহিঙ্গারা হামলা চালায়।

তিনি জানান, সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামের এক পুলিশ সদস্যও রোহিঙ্গাদের হামলায় আহত হন। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা ক্যামেরা কাগজপত্র (পাসপোর্ট) ও সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়।

উখিয়ার থানার ওসি আবুল খায়ের জানান, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত