রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় রোগীকে দেখতে যান তিনি।
দগ্ধ নয়জনের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে। আর বাকি ছয়জনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শঙ্কামুক্ত ছয় রোগীকে সাক্ষাতের সময় মন্ত্রী সান্ত্বনা দিয়ে বলেন, 'আগুনে অনেক লোক মারা গেছে। আল্লাহর রহমতে আপনারা বেঁচে গেছেন। এখন আল্লাহকে ডাকুন। আপনাদের চিকিৎসার কোনো কমতি হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে আপনাদের সব চিকিৎসা সেবা, ওষুধ বিনা মূল্যে দেওয়া হবে'।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, দগ্ধদের চিকিৎসায় যা যা লাগে তা দেওয়া হবে। আইসিইতে যারা রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক, আর তাদের চাইতে যে ছয়জন কম দগ্ধ হয়েছেন তারা ভালো হয়ে উঠবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলেছেন সব চিকিৎসার খরচ সরকার দেবে। যা যা আধুনিক চিকিৎসা দেওয়া দরকার তা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহতর স্বজনদের ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছে। তা ছাড়া দাফনের জন্য আরো ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, পুরান ঢাকা অতি ঘনবসতিপূর্ণ এলাকা। একই বাসায় বসবাস, একই বাড়িতে গোডাউন, আবার শিল্প-কারখানা। এটা আলাদা হওয়া উচিত। এর সমাধানে সরকার চেষ্টাও করেছে। বাড়ির মালিককেও সচেতন হতে হবে।
