শিশুরাই বইমেলার প্রাণ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৬ এএম

চট্টগ্রামে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত অমর একুশে বইমেলায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। সকাল থেকেই মেলার মাঠে পাঠক ও লেখকদের সমাগম বাড়তে থাকে। তবে শিশুরাই ছিল বইমেলার প্রাণ। মেলা আয়োজনের মূল উদ্যোক্তা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘এবারের সফলতার ওপর ভর করে আগামীতে আরও বড় পরিসরে বইমেলা করব, যাতে ঢাকার কাছাকাছি মানের হয়। এতে পাঠক সৃষ্টি হবে। লেখকদের ওপর চাপ থাকবে। প্রকাশকরাও উৎসুক হয়ে অপেক্ষা করবেন।’ মেলায় শিশুদের বইয়ের চাহিদা বেশি জানালেন কয়েকটি প্রকাশনা সংস্থার বিক্রয়কর্মীরা। গতকাল মেলার প্রতিটি স্টলের সামনে দেখা গেছে শিশু-কিশোরসহ নানা বয়সী পাঠকদের।

মেলায় আসা নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ‘ছোটবেলা থেকেই যদি শিশুরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে বড় হয়, তাহলে আমরা আশাবাদী হয়ে উঠি। তরুণদের বইমুখী করতে এরকম মেলা আয়োজন অপরিহার্য।’ ছুটির দিনে সন্তানদের নিয়ে মেলায় আসেন ব্যাংকার আলম দিদার। তিনি বলেন, ‘ছেলেমেয়েরা বইমেলায় এসে নানারকম বইয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। নিজেদের পছন্দের বই কিনছে।’ মেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের কাব্যগ্রন্থ ‘অবেলায় মন পোড়ে’ প্রকাশিত হয়েছে আবীর প্রকাশনী থেকে। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের অনেক দিনের প্রত্যাশা ছিল এরকম একটা বইমেলার। পাঠকরা যে এর অপেক্ষায় ছিলেন, তা আজকের মেলা দেখলেই বোঝা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত