মারা গেলেন ভারতীয় বাংলা চলচ্চিত্র, থিয়েটার ও বেতার জগতের কিংবদন্তি অভিনেত্রী কণিকা মজুমদার। সত্যজিৎ রায়ের তিন কন্যা, চিড়িয়াখানা ছবিতে অভিনয় করেন তিনি। উত্তম কুমারের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান কণিকা।
তার মৃত্যুর খবর কয়েক দিন সংবাদমাধ্যমের অন্তরালে ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ১৬ ফেব্রুয়ারি মারা যান কণিকা। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শেষের বেশ কয়েক বছর তিনি ছিলেন নিউ আলীপুরের একটি বৃদ্ধাশ্রমে। সেখানে থাকার সিদ্ধান্ত নাকি ছিল কণিকারই ছিল। একমাত্র মেয়ে বহু বছর প্রবাসে।
১৯৩৫ সালে ব্রিটিশ ভারতের ময়মনসিংহের এক ব্রাহ্ম পরিবারে কণিকার জন্ম। নীতিন বসু তাকে প্রথম ছবির প্রস্তাব দেন। তবে পরিবারের অমত থাকায় ফিরিয়ে দিয়েছিলেন। ‘তিন কন্যা’র প্রস্তাব পাওয়ার আগে ‘পুনশ্চ’তে অভিনয় করেন। তবে প্রথম মুক্তি পাওয়া ছবি ‘তিন কন্যা’।
সত্যজিৎ রায় পরিচালিত ‘মণিহারা’য় মণি মালিকার চরিত্রে তার অভিনয় এখনো অনেকে স্মরণ করেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “মানিকদার ‘মণিহারা’য় তার কাজ ভুলব না। সপ্রতিভ অভিনেত্রী। আর খুব ফোটোজেনিক ছিলেন।’’
অসিত সেনের ‘আগুন’-এ সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে কাজ করেছেন কণিকা। দীনেন গুপ্তের ‘বসন্ত বিলাপ’-এ সৌমিত্রের ভাবির চরিত্রে ছিলেন তিনি।
উত্তম কুমারের প্রিয় অভিনেত্রী ছিলেন কণিকা। মহানায়কের সঙ্গে ‘সোনার খাঁচা’, ‘হার মানা হার’, ‘দুটি মন’, ‘চাঁদের কাছাকাছি’ ছবিতে তাকে দেখা যায়। বাণিজ্যিক ছবির পাশাপাশি মৃণাল সেনের ‘পুনশ্চ’তেও অভিনয় করেছিলেন কণিকা।
এ ছাড়া মঞ্চে ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘বেগম মেরি বিশ্বাস’-এ অভিনয় করেছেন। শম্ভু মিত্রের সঙ্গে বেতারেও‘রক্তকরবী’ নাটক করেছেন তিনি। নাচ, গান, ছবি আঁকায়ও পারদর্শী ছিলেন কণিকা।
