চকবাজার ট্র্যাজেডিতে হতাহতদের জন্য পোপের প্রার্থনা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৪ পিএম

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এ ঘটনায় হতাহতের জন্য প্রার্থনাও করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মগুরু।

এ অগ্নিকাণ্ডে ৮১ জনে প্রাণহানি ঘটেছে উল্লেখ করে ভ্যাটিকান নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে এ শোক প্রকাশ করেন পোপ।

বিবৃতিতে বলা হয়, “ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে এ প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি এ ঘটনায় সকল হতাহতদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।”

এতে আরও বলা হয়, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন পোপ।

বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সরকারি সংস্থা। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত