কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন অন্য কোনো নামে নয়, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে। কুমিল্লাকে নিয়ে আর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, সব ষড়যন্ত্র এখন মূল্যহীন।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজনে ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বাহার বলেন, সকলে একতাবদ্ধ থাকলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা হতো বহু আগে। কিছু ষড়যন্ত্র কুমিল্লা নামকে বদলে ময়নামতি নামে কুমিল্লা বিভাগ করতে চেয়েছিল। আমি সেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করেছি।
কোনো ময়নামতি আয়নামতি নামে নয়, কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
আবার যদি কেউ ষড়যন্ত্র করে তবে আমরা কুমিল্লাবাসী আবার আন্দোলনে নামব তাদের প্রতিহত করার জন্য।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম পিপিএম (বার)।
অনুষ্ঠানে কুমিল্লার ৫ জন ভাষাসৈনিককে সম্মাননা দেওয়া হয়। তার মধ্যে ২ জন ভাষা সৈনিককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
