ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মাঝে শনিবার থেকে মনোনয়ন বিতরণ শুরু করবে ছাত্রদল।
নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা তাদের নিজ নিজ প্রত্যাশিত পদের মনোনয়ন নিতে পারবেন। সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্র নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন ছাত্রদলের একাধিক নেতা।
এছাড়া ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মনোনয়নপত্র তোলার দিন ও রোববার দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। একইদিন বিকেল ৩টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। রোববার রাতেই প্যানেল চূড়ান্ত করার পর সোমবার সকাল ১০টায় ছাত্রদলের একক প্যানেল ঘোষণা করা হবে।
ডাকসু নির্বাচন পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নির্বাচনের তফসিল ও মনিটরিং কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন, ফেরদাউস মুন্না, তারিকুল ইসলাম টিটু, এজমাল হোসেন পাইলট, সোহানুর রহমান সোহান, নাজমুল হাসান প্রমুখ। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে একটা মনিটরিং কমিটি গঠন করা হবে। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দাবি আদায়ের আন্দোলনও চলবে। এ ছাড়া কয়েকটি উপকমিটি করা হবে।
