প্রবাসীদের দক্ষতা দিয়ে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে হবে : পররাষ্ট্র মন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৬ এএম

পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকার দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স ও দক্ষতা কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে চায়।

শুক্রবার সিলেট শহরে সিলেট হাউজিং এস্টেট প্রতিষ্ঠার এবং হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন।

ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সরকার সিলেটসহ সারা দেশের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটের উন্নয়নে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সকলকে আন্তরিক হতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে হাউজিং এস্টেটের সাবেক সভাপতিগণ ও সিনিয়র সিটিজেনদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান।

খবর: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত