জানুয়ারির শেষ দিকে মুক্তি পায় কঙ্গনা রনৌত অভিনীত ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। মুক্তির এক মাসের মধ্যেই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে ছবিটি।
মুখ্য চরিত্র লক্ষ্মী বাঈয়ের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সহ-পরিচালনাও করেন কঙ্গনা। সম্প্রতি ওই সিনেমায় নায়িকার ঘোড়ায় চড়ে শুটিংয়ের একটি দৃশ্য ভাইরাল হয়েছে অনলাইনে। আর সেই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়ছেন অনেকে।
ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন লক্ষ্মী বাঈ। তাতে ভুল নেই। তবে কেন ছবির শুটিংয়ের ভিডিও দেখে সবাই মজা পাচ্ছেন?
সিনেমায় দেখা গেছে টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে শত্রুদের বিনাশ করছেন ঝাঁসির রানি। স্বাভাবিকভাবেই কঙ্গনার বীরত্বে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কিন্তু ভিডিও বলছে, আসল ঘোড়ায় চড়ে মোটেই শুটিং করেননি কঙ্গনা।
যন্ত্রের মাধ্যমে চালিত ডেমো ঘোড়ায় চড়ে ওই সব যুদ্ধের দৃশ্যের শুটিং করা হয়েছে।
পর্দার পেছনের এই সত্য সামনে আসতেই মজায় মেতেছেন অনেকে। কেউ বলেছেন, ‘আধুনিক ঝাঁসি কি রানি’। আবার কেউ বলেছেন, ‘পর্দার পেছনের সত্যি’।
শুটিংয়ে প্রযুক্তি ও ক্যামেরার কৌশলে নতুন কিছু নয়। কিন্তু এই ভিডিও সামনে আসতেই নেট দুনিয়ায় ট্রোলড হচ্ছেন কঙ্গনা। এর কারণ হতে পারে যে কোনো বিষয়ে এ নায়িকার উগ্র মন্তব্য পছন্দ করেন না দর্শক।
