প্রশ্নফাঁসের অভিযোগে দশম শ্রেণির ছাত্র আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাধবদী এলাকা থেকে মো. রুহুল আমিন রাকু (১৭) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রাকু কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী গ্রামের মো. ধন মিয়ার ছেলে এবং ছয়সূতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নপত্র সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সিনিয়র এডি চন্দন দেবনাথকে সঙ্গে নিয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাকুকে তার নিজ বাড়ি থেকে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আটক করে।

এর আগে র‌্যাব জানতে পারে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএসসির ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং বিক্রির প্রলোভনে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে সেটি প্রমাণিত হলে তাকে আটক করে র‌্যাব।

রাকুকে আটকের সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ব্যবহৃত ডায়েরি উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত ডায়েরিতে বেশকিছু ভুয়া ফেসবুক আইডির নাম ও পাসওয়ার্ড লিপিবদ্ধ পাওয়া যায়। যেগুলো ব্যবহার করে তিনি ভুয়া প্রশ্নপত্র প্রাপকের কাছে পৌঁছে দিতেন বলে জানায় র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত