কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৫ পিএম

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের গোলাগুলিতে নেজাম উদ্দিন (৪২) ও আজিজুল হক (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি অস্ত্র উদ্ধার করেছে।

শনিবার বেলা ১১টার দিকে পেকুয়ার সদর ইউনিয়নের বিলাহাসুরা গ্রামে প্রায় ৩৪ একর সম্পত্তির দখলকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়টি দেশে তৈরি লম্বা বন্দুক, তিনটি মোটরসাইকেল ও একটি জিপ গাড়ি জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়।

নিহতরা হলেন- একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪২) এবং অপরপক্ষের জাহাঙ্গীরের ছেলে আজিজুল হক প্রকাশ রাখাল (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শওকত মিয়ার ৩৪ একর ওয়াক্ফ সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিল একই গ্রামের মোস্তাক আহমদের ছেলে ও পেকুয়া ইউপির সাবেক সদস্য মমতাজুল ইসলাম।

মমতাজের ভোগ দখলে থাকা সম্পত্তি ফিরে পেতে শওকত মিয়া একই গ্রামের আলমগীর ও তার ভাগনে জালালের সঙ্গে রেজিস্ট্রি চুক্তি করেন। চুক্তির পর থেকে সেই সম্পত্তি  উদ্ধারে মরিয়া হয়ে ওঠে আলমগীর।

এনিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। গত তিন দিন আগে আলমগীর ও জালাল চকরিয়া থেকে কিছু ভাড়াটে সন্ত্রাসী এনে বিরোধপূর্ণ সম্পত্তি দখলে নেন। এনিয়ে দুপক্ষের বিরোধ চরম আকার ধারণ করে।

এরই ধারাবাহিকতায় শনিবার দু’পক্ষের গোলাগুলিতে মমতাজ গ্রুপের নেজাম আর অপরপক্ষ আলমগীরের ভাতিজা আজিজ নিহত হন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মুজিবুর রহমান বলেন, দু’জনের মৃতদেহ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত