ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধের পক্ষে বিদ্যা বালানও

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৯ এএম

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের শিল্পীর ভারতে কাজের সুযোগ কেড়ে নেওয়া এবং পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের মুক্তি না ঘটানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

অভিনেত্রীর প্রথম রেডিও শো ‘ধুন বদল কে তো দেখো'র সূচনা অনুষ্ঠানে বিদ্যা বলেন, যদিও আমি সর্বদাই বিশ্বাস করি যে শিল্পকে সব সীমান্তবোধ ও রাজনীতি থেকে দূরে রাখা উচিত, তাও এই অবস্থায় আমি মনে করি আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। যথেষ্ট হয়েছে।’

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা বালান শুক্রবার বলেন, সময় এসেছে শক্তিশালী দৃঢ় অবস্থান নেওয়ার।

 শিল্পকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত কিনা জিজ্ঞাসা করা হলে বিদ্যা বালান বলেন, ‘একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যে মানুষকে শিল্পের থেকে বেশি কোনো শক্তিই একত্রিত করতে পারে না। তা সে সংগীত, কবিতা, নাচ, নাটক, সিনেমা বা অন্য কোনও শিল্প মাধ্যমই হোক না কেন। কিন্তু এই সময় আমি মনে করি আমাদের এই অভ্যাস থেকে বিরতি নেওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য কী করা যেতে পারে তা ভাবা দরকার।’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অজয় ​​দেবগন ও ভিকি কৌশালসহ বেশ কয়েকজন অভিনেতা এই হামলার নিন্দা জানিয়েছেন।

১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। হামলার জন্য ভারত শুরু থেকে পাকিস্তানকে দায়ী করছে।

১৯৮০-র দশকে এই এলাকায় সন্ত্রাসবাদের সূত্রপাত হওয়ার পর জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক এই হামলা ছিল ইতিহাসের সবথেকে বড় আক্রমণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত