ছাগল পালন দেখতে খুলনায় জার্মান প্রতিনিধিদল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৩ এএম

জার্মানির সরকারের অর্থায়নে খুলনায় বাস্তবায়ন হওয়া ছাগল পালন প্রকল্প পরিদর্শন করেছেন দেশটির ছয় সদস্যের প্রতিনিধিদল। নগরীর রায়েরমহল এলাকায় ‘জলবায়ুর প্রভাবে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারের জীবন-জীবিকার উন্নয়নে’ এ প্রকল্প চলছে। প্রতিনিধিদলে ছিলেন জার্মান ফেডারেল সংসদের নিম্নকক্ষ বুন্দেসতাগের তিন সদস্য, ঢাকার জার্মান রাষ্ট্রদূত, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের (কেএফডব্লিউ) কর্মকর্তা। গতকাল রবিবার তারা আরও কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক তাদের অভ্যর্থনা জানান।

কেসিসির কর্মকর্তারা জানান, প্রতিনিধিদল প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাচা পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে নগরীর সোনাডাঙ্গায় এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে ছাগল পালন প্রশিক্ষণ কার্যক্রম, জার্মান সরকারের অর্থায়নে চলা বড়বাজার-জোড়াগেট সংযোগ সড়ক এবং রূপসা ঘাট ও বাসস্ট্যান্ড আধুনিকায়ন কাজ দেখতে যান।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন জার্মান সংসদ সদস্য ক্লাউডিয়া রুথ, ড. মাথিস জিমার, ড. ফ্রিতজফ স্মিথ, দেশটির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ, উন্নয়ন সংস্থা জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর অ্যাঞ্জেলা ফ্লিডারম্যান, কেএফডব্লিউর আরবান সেক্টর স্পেশালিস্ট মেহেদী আহসান। কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত