কাশ্মীরে বন্দুকযুদ্ধে ডিএসপি-সেনা নিহত, মেজরসহ আহত ২

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৬ এএম

ভারত অধিকৃত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক উপ-পুলিশ সুপার (ডিএসপি) ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মেজরসহ আরও দুই সেনা সদস্য।

কাশ্মীরের কুলগাম জেলায় রোববার পাঁচ ঘণ্টার ওই বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাও নিহত হন বলে জানায় পুলিশ।

এনডিটিভি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলগামের তুরিগ্রামে তল্লাশি চালাচ্ছিল ভারতীয় বাহিনী। একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।

এতে প্রাণ হারান পুলিশের ডিএসপি আমান কুমার। গত দু’বছর তিনি কুলগামে কাজ করেছেন। বন্দুকযুদ্ধে আহত এক সেনা পরে মারা যান। আহত হন সেনাবাহিনীর এক মেজরসহ দুই সদস্য।

এর আগে শুক্রবার রাতে কাশ্মীরে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ১০০ কোম্পানি তথা ১০ হাজার সদস্য মোতায়েন করে। গ্রেপ্তার করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালালে ৪৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ জওয়ান নিহত হন। এর পর থেকেই উপত্যকায় সেনা মোতায়েন ব্যবস্থা আরও জোরদার করা হয়।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করেছে। হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত