রাজধানীর মিরপুরের দক্ষিণ বিশিল এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালের এ ঘটনায় ওই বাসার গৃহকর্মী দগ্ধ হয়ে মারা গেছেন। তার নাম লিজা আক্তার (১৯)। তিনি বরগুনা আমতলী উপজেলার নজরুল ইসলামের মেয়ে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইসরাফিল জানান, মিরপুর ১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডের ১৮৬ নম্বর জোহরা গার্ডেন নামের বাসার চার তলায় এসিতে আগুন লাগে। ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা গৃহকর্মী লিজা দগ্ধ হন।
মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান জুয়েল হোসেন জানান, সকাল ৯টা ৩৯ মিনিটে ওই বাসায় আগুনের খবর পাওয়া যায়। পরে অ্যাম্বুলেন্সসহ ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতরে থাকা ওই কিশোরীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গৃহকর্মীকে সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই রুমের ভেতর একটি এসি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই এসি থেকেই এই আগুনের সূত্রপাত। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার সময় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কেউ ছিলেন না।
