‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করার পর বিমান ছিনতাইকারী মাহমুদ পলাশের প্রথম স্ত্রী তাকে ছেড়ে যান। মেঘলা তাকে তালাক দেন বলে জানিয়েছে পলাশের বন্ধু ইমরান।
তিনি জানান, ২০১৭ সালের শেষ দিকে সিমলার সঙ্গে বিয়ে হয় পলাশের। চলচ্চিত্রের কাজে এফডিসিতে যাওয়া-আসার একপর্যায়ে পলাশের পরিচয় হয় নায়িকা সিমলার সঙ্গে। পরে তারা দু’জন বিয়ে করে। সিমলা পলাশের চেয়ে বয়সে প্রায় ১৫/১৬ বছরের বড়।
ইমরান জানান, ২০১৪ সালে পলাশ বগুড়া জেলার সদর উপজেলার সাতমাথা এলাকায় প্রথম বিয়ে করেন মেঘলা নামে এক মেয়েকে। মেঘলার মা বগুড়া নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল। বাবা অ্যাডভোকেট। মেঘলা বিয়ের পর বেশ কয়েক বার পলাশের সোনারগাঁয়ের বাড়িতে গিয়েছিলেন। বর্তমানে পলাশের প্রথম স্ত্রী মেঘলার ঘরে আয়ান নামে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
২০১৭ সালে নায়িকার সিমলার সঙ্গে বিয়ের পর প্রথম স্ত্রী মেঘলা পলাশকে তালাক দেন। বর্তমানে তার প্রথম স্ত্রী সন্তানসহ বগুড়ায় বসবাস করছেন।
ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।
কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। টিকিটে তার নাম মো. মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল।
এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ। এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
