ময়মনসিংহের ভালুকায় জমি দখলে নেওয়ার জন্য প্রতিপক্ষ বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে। হামলা ও লুটপাটের শিকার শামছুল পাঠান বলেন, ‘জয়নাল, আবদুছ ছাত্তার, সাদেক ও রশিদের নেতৃত্বে দেড় শতাধিক সন্ত্রাসী আমাদের পাঁচ পরিবারের বাড়িঘরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমরা বাড়ি থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করি। হামলাকারীরা টিনের বেড়া, ঘর ভেঙে ওই সব ঘরের টিন, কাঁথা-বালিশ, লেপ-তোশক, থালা-বাসন, হাঁড়িপাতিল, কাপড়-চোপড়সহ সবকিছু লুট করে চারটি পিকআপ গাড়িতে তুলে নিয়ে যায়।
শিরিনা বলেন, ‘আমার পালিত সন্তানের দুধের প্যাকেট পর্যন্ত হামলাকারীরা নিয়ে গেছে। বসতঘরের ভিটে কুপিয়ে অস্তিত্বহীন করে ফেলেছে।’
অভিযুক্ত জয়নাল হামলার কথা অস্বীকার করেই ফোনকল কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘ঘটনা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
