নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ৪৪ সেনা হত্যার প্রতিশোধ উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।
এ হামলায় ১০০০ কেজি বোমা বর্ষণ করা হয়।
সংবাদ সংস্থা এএনআই জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমা বর্ষণ করে।
ভারত দাবি করছে পাকিস্তানের খাইবার-পাখতুনওয়ালা প্রদেশের বালাকোটে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তাদের যুদ্ধবিমান।
এই আক্রমণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে পুলওয়ামা হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের কন্ট্রোল রুম আলফা থ্রি।
পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ভারতীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, পাকিস্তান বিমানবাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভারতীয় প্রতিপক্ষরা কিছু সরঞ্জাম ফেলে পালিয়ে গেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
১৪ ফেব্রুয়ারি ভারতীয় ৪৪ সেনার প্রাণ যায় সন্ত্রাসী হামলায়। ওই হামলার দায় স্বীকার করে নেয় জইশ-ই-মুহাম্মদ।
সর্বশেষ ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আক্রমণ করে ভারতীয় বাহিনী।
