পিলখানার ঘটনার রহস্য উদঘাটন নিয়ে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেঁচো খুঁড়তে চাইলে বিষধর সাপ বেরিয়ে আসবে।
ফেনী সার্কিট হাউজে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, “বিদ্রোহের দিন বেগম খালেদা জিয়া ২৪ ঘণ্টা কোথায় লুকিয়ে ছিলেন সে রহস্য উদঘাটিত হলে এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটিত হবে। কেন তাকে লুকিয়ে থাকতে হলো? পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার দিন সকাল থেকে ২৪ ঘণ্টা তার অবস্থান কেউ জানতো না।”
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, “কেঁচো খুঁড়তে চাইলে বিষধর সাপ বেরিয়ে আসবে।”
মির্জা ফখরুলের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, “খালেদা জিয়াকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? তিনি (ফখরুল) যে রহস্য উন্মোচন করতে চাচ্ছেন এর সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।”
কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া যতটা না অসুস্থ, তার চাইতে তার অসুস্থা নিয়ে বেশি রাজনীতি করা হচ্ছে। এ বিষয়টাকে কারা রাজনৈতিক রঙ দিতে চাইছে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “নীতিনির্ধারণীতে বিএনপির দুর্বল ও নেতিবাচক রাজনীতির কারণে তারা ক্রমাগত জনসমর্থন হারাচ্ছেন। তারা নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ।”
উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। ফল পক্ষে না এলেও সরকারের মাথায় আকাশ ভেঙে পড়বে না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার (পিপিএম), ফেনীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
