পাবনার কলেজ শিক্ষকের প্রাইভেটকার মাগুরায় উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৩ পিএম

পাবনার এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপকের চুরি যাওয়া একটি প্রাইভেটকার মঙ্গলবার উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।

মাগুরা সদরের ডেফিুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে সকাল ৭ টার দিকে পুলিশ এলিয়েন ব্রান্ডের এই প্রাইভেট কারটি উদ্ধার করে। তবে চোর চক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সংঘবদ্ধ একটি চক্র পাবনার এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের গাড়ির চালককে অচেতন করে পাবনা শহর থেকে সোমবার গাড়িটি চুরি করে। পরে এটি মাগুরা সদরের ডেফুলিয়া এলাকার ‘কুঠি বাড়ি’ নামের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়।

প্রাইভেট কারে থাকা গোপন ইন্টারনেট সংযোগের মাধ্যমে কারটি মাগুরা পৌর এলাকায় আছে জানতে পেরে প্রাইভেটের মালিক রবিউল ইসলাম বিষয়টি মাগুরা পুলিশকে জানান।

মাগুরা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহারসহ নিজস্ব অনুসন্ধানে ওই বাড়িতে প্রাইভেট কারটি আছে নিশ্চিত হয় এবং মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালালে বাড়ির গ্যারেজ থেকে এটি উদ্ধার হয়।

তিনি আরো জানান, সংঘবদ্ধ চক্রটি ওই বাড়ি ভাড়া নিয়ে এ ধরনের অপরাধ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাড়ির মালিকের নাম খায়রুল ইসলাম। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মালিকের কাছ থেকে সম্প্রতি এটি ভাড়া নিয়েছে মাগুরা শহরের খালকুল পাড়ার মনোয়ার হোসেনের ছেলে হিটু। পুলিশ বাড়ির বর্তমান ভাড়াটিয়া হিটুকে সন্ধান করছে। তাকে আসামি করে একটি মামলা হয়েছে।

গাড়ি চোর চক্রকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানি এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত