বিমান ছিনতাই

আলামত হিসেবে বোমাসদৃশ্য বস্তু ও খেলনা পিস্তল জমা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৫ পিএম

দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় বোমাসদৃশ্য বস্তু এবং একটি খেলনা পিস্তল মঙ্গলবার পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ- সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় আলামত হিসেবে বোমাসদৃশ্য বস্তু এবং খেলনা পিস্তল জমা দিয়েছে র‌্যাব। এর সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল কান্তি বড়ুয়া।

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।

কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ পলাশ নিহত হন। র‌্যাবের ক্রিমিনাল ডেটাবেইসে রক্ষিত তথ্য অনুযায়ী তার পরিচয় হলো- নাম- মো. পলাশ আহমেদ, পিতা- পিয়ার জাহান সরদার, ঠিকানা- দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত