বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমান বিশ্বে মানুষজনের মৃত্যুর অন্যতম শীর্ষ কারণ হৃদ্রোগ। শুধুমাত্র হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা যাচ্ছে অনেক মানুষ।
কেন হয় হৃদ্রোগ? কীসে বাড়ে এই রোগের ঝুঁকি?
অনেকেই জানেন তামাক গ্রহণ ও স্থূলতা বা শারীরিক পরিশ্রমের অভাবে হৃদ্রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শুধুই কী এই কারণ?
সম্প্রতি এক গবেষণায় বেড়িয়ে এসেছে হৃদ্রোগ নিয়ে নতুন তথ্য। অনেকের কাছেই বিষয়টি নতুন। কেউ শোনেননি, তাই গুরুত্বও দেননি।
অফিসে আপনার বসের প্রতি ঘৃণা বা বিদ্বেষ আপনার হৃদ্রোগ বাড়িয়ে দিতে পারে। কিংবা হতে পারে নতুন করে হৃদ্রোগের কারণ।
দশ বছর ধরে চালানো সুইডিশ এক গবেষণায় দেখা গেছে যে, কর্মক্ষেত্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে খারাপ সম্পর্ক কর্মীদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। ব্রিটিশ মেডিকেল জার্নাল ওই গবেষণা পত্রটি প্রকাশ করে।
হেলথ হার্ট ইনস্টিটিউটের একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ বিজয় কুমার বলেছেন, ‘কর্মক্ষেত্রে বেশ কিছু চাপের কারণে হৃদ্রোগের সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে’।
তিনি আরো জানিয়েছেন, এর সঙ্গে যদি ঘুমের স্বল্পতা আর খারাপ খাদ্যাভ্যাস যোগ হয়, তাহলে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
