রাজধানীর কারওয়ান বাজারে ‘সেভ অ্যান্ড ফ্রেশ ফুড লিমিটেড’ নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে হিমাগারটিতে মজুদ রাখা হাজার মণ মেয়াদোত্তীর্ণ পচা মাছ ও মাংস উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, হিমাগারের ভেতর প্রচুর পচা মাছ ও মাংস রয়েছে।
ব্যবসায়ীরা কিছু মাংস ও মাছ সরানোর চেষ্টা করেছিল। আমরা ধরে ফেলেছি, এখন গাড়ি থেকে কার্টন নামানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ মালামালগুলো ভারতীয় কোম্পানি ‘রুস্তম ফুড’ এর। এ গুলো সরবরাহ করে ‘ফুড চেইন এশিয়া লিমিটেড’ নামে একটি আমদানিকারক কোম্পানি।
র্যাবের পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, এসব পচা মাছ ও মাংস রাজধানীর বিভিন্ন খাবারের দোকান ও সুপার শপে সরবরাহ করা হতো।
সেভ অ্যান্ড ফ্রেশ হিমাগারের কর্মচারী নয়ন জানান, হিমাগার কর্তৃপক্ষের কোনো নিজস্ব মালামাল এখানে নেই।
উদ্ধার করা মাছ ও মাংসের মধ্যে রয়েছে, ১৯০ মণ মহিষের মাংস, ৮শ’ মণ ভেড়ার মাংস, ৫ হাজার কেজি চিকেন নাগেট, ১শ’ মণ ভেড়ার পাঁজরের হাড়, ২শ’ মণ গরুর মাংস।
মঙ্গলবার বিকলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও প্রাণিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা।
মাংসের কার্টনে দেখা যায়, ২০১৬ সালে এসব মাংস প্যাকেটজাত করা হয়। এগুলোর মেয়াদ ২০১৭ সালের ৪ অক্টোবর শেষ হয়ে গেছে। প্রায় ১০ থেকে ১৫ কেজি ওজনের কোরাল মাছ সংরক্ষণের মেয়াদও শেষ হয়েছে দুই বছর আগে।
