না ফেরার দেশে সাবেক ক্রিকেটার-কোচ আলতাফ হোসেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম

সাবেক ক্রিকেটার, বাংলাদেশে ক্রিকেট কোচিংয়ের অগ্রদূত ও সাবেক আম্পায়ার সৈয়দ আলতাফ হোসেন আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বুধবার বাদ জোহর রাজধানীর নাজিম উদ্দিন রোডের হোসনি দালান মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে তিনটায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কমপ্লেক্সে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক কোচ আলতাফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের প্রবাদপ্রতীম ক্রিকেট ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট  বোর্ড (বিসিবি)। শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংগঠন।

আলতাফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জালাল আহমেদ চৌধুরী ফেসবুকে এক পোস্টে লিখেছেন- “…উনি আমাদের দেশের ক্রিকেটের পথ প্রদর্শক। আজকের অনেক কোচই উনার ছাত্র। আলতাফ ভাই ছিলেন আমাদের পিতাসম। আলতাফ ভাই নিজেই একটি প্রতিষ্ঠান। আলতাফ ভাইয়ের শাসন এবং স্নেহ পেয়ে আমরা ধন্য...।”

দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন আলতাফ হোসেন। কিছুদিন শারীরিক জটিলতা নিয়ে ইবনে সিনা হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। শারীরিক উন্নতি হলে বাসায় ফিরেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অমূল্য। ১৯৭৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে কোচ হিসেবে আলতাফ হোসেন দায়িত্ব পালন করেন। দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন তিনি। জাতীয় দলে  খেলা অনেক তারকা ক্রিকেটার, সাবেক অধিনায়কদের ক্রিকেটে হাতখড়ি তার হাত দিয়ে। ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।

আলতাফ হোসেনের জীবনটাই ক্রিকেটীয় ঘটনায় পরিপূর্ণ। স্বাধীনতার আগে ১৯৬১ এবং ১৯৬২ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেন তিনি। সেই সময়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ কায়েদ-ই-আযম ট্রফিতেও পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছিলেন এই গুনী ক্রিকেটার।

বাংলাদেশ থেকে পাকিস্তান টেস্ট দলে ডাক পাওয়া প্রথম ক্রিকেটার ছিলেন তিনি। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘোষিত ১৪ জনের দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের গর্ব আলতাফ হোসেন। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত