মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে রাবির আট দোকানিকে জরিমানা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৫ পিএম

মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ওই দোকানিদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্রে জানা যায়, পচা চপ, রোলসহ অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ক্যাম্পাস ফুড কর্নার দোকানে ত্রিশ হাজার, খাবারের মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসী খাবার রাখায় সাগর ক্যান্টিনে দুই হাজার, একই কারণে টুকিটাকি চত্বরের মনির, বাবু, আকবরের দোকানে প্রত্যেককে দুই হাজার করে।

এদিকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখায় ফয়জুল এন্ড সন্স চার হাজার, খোরশেদ স্টোর ২ হাজার ও মাদারপুরী হোটেলে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে আরও দুইবার ক্যাম্পাস ফুড কর্নারের দোকানিকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষক শিক্ষার্থীদের থেকে অভিযোগ এসেছে ক্যাম্পাসের কয়েকটি দোকানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করি। তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। সেখানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্য থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত