সাংবাদিকতা ছেড়ে ডাকসুর জিএস প্রার্থী আসিফুর রহমান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০ পিএম

সাংবাদিকতা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এ আর এম আসিফুর রহমান ৷

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে নিজের স্বতন্ত্র প্রার্থিতার কথা জানান তিনি ৷

এ আর এম আসিফুর রহমান দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুবারের নির্বাচিত সভাপতি। ডাকসু নির্বাচনের জন্য চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসিফুর রহমান ২৮ বছর পর হতে যাওয়া ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘নিকট অতীতের জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আমাদের শঙ্কিত করে তুলেছে। শুধু নিকট অতীতই নয়, গত তিন দশকের নির্বাচনগুলোর বেশির ভাগই ছিল প্রশ্নবিদ্ধ। জনমনে আতঙ্ক, আসছে ১১ মার্চ ডাকসুতেও এ রকম একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা জাতীয় নির্বাচনের মতো নির্বাচন ডাকসুতে চাই না’।

তিনি কর্তৃপক্ষকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আশা প্রকাশ করেন, ‘যদি প্রশাসন ১১ মার্চ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে তবে আমি আসিফুর রহমান জিএস পদে জয় নিয়ে ফিরব।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডাকসুর জিএস প্রার্থী বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি আমি চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।’

উল্লেখ্য, ছাত্রলীগ, ছাত্রদলসহ আটটি সাংগঠনিক প্যানেলে ডাকসু ও হল সংসদে অংশ নিচ্ছে প্রার্থীরা। এ ছাড়া আসিফসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩ মার্চ প্রাথমিক ও ৫ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ডাকসু ও হল সংসদে ভোট নেওয়া হবে ১১ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত