নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হলেন মুহাম্মাদু বুহারি। নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে বুহারি জয় পেয়েছেন বলে জানিয়েছে এএফপি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যবসায়ী ও সাবেক প্রেসিডেন্ট পিপলস ডেমোক্রেটিক পার্টির আতিকু আবুবকর পেয়েছেন ৪১ শতাংশ ভোট। তবে বুহারির এই জয়কে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীরা। নির্বাচনে নাইজেরিয়ার ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে বুহারি পেয়েছেন এক কোটি ৫২ লাখ ভোট, অপরদিকে আতিকু পেয়েছেন ১ কোটি ১৩ লাখ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩৯ লাখ। গত মঙ্গলবার রাতে বুহারির টুইটার অ্যাকাউন্টে নির্বাচনী কার্যালয়ে উল্লসিত পার্টি কর্মীদের মধ্যে হাস্যরত বুহারির একটি ছবি দিয়ে এক বার্তা পোস্ট করা হয়েছে। ওই টুইটে বুহারি বলেছেন, ‘যা অর্জিত হয়েছে তার জন্য আমি খুব গর্বিত।’ বার্তায় নির্বাচনে জয়ের জন্য নিজের রাজনৈতিক দলের তরুণ কর্মীদের কৃতিত্ব দিয়েছেন তিনি।
×
