উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চার প্রার্থী।
দিনাজপুরের সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, বীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বজলুর রশিদ গতকাল বুধবার বিকেলে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান। জেলা নির্বাচন অফিস তাদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রার্থিতা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের সম্মিলিত জবাবে তারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার যখন ঘোষণা দিয়েছেন সংসদ নির্বাচনের মতোই সুষ্ঠু হবে উপজেলা নির্বাচন, এরপর থেকে ভোটারদের ভোট দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই নির্বাচন থেকে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তারা স্বীকার করেন, বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তই সঠিক এবং সে সিদ্ধান্তের সঙ্গে একাত্ম হয়ে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
