নারায়ণগঞ্জে বন্ধুকে হত্যা ৩ জনের ফাঁসির রায়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫ পিএম

নারায়ণগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো নিতাইগঞ্জের হাবীব ওরফে কাউসার ওরফে হাবলা, রফিকুল ও শরীফ মিয়া। গতকাল বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা ৯ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় হাবীব ও রফিকুল আদালতে উপস্থিত থাকলেও শরীফ পলাতক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি কে এম ফজলুর রহমান, আসামিপক্ষে ছিলেন আইনজীবী নূরজাহান ও নূরে আলম।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান বলেন, ‘এ রায়ে আমরা খুশি। আদালত সব দিক বিবেচনা করে একটি চূড়ান্ত রায় দিয়েছে। এ ছাড়া হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে এ রায় ঘোষণা করা হয়েছে।’ রায় শুনে কান্নায় ভেঙে পড়েন আসামি রফিকের স্ত্রী রুমা আক্তার। তিনি বলেন, ‘আমি এ রায় মানি না, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। বিনা কারণে ১০ বছর ধরে সে জেলহাজতে রয়েছে। আমি এখন সন্তানদের নিয়ে কী করব?’ মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের পহেলা ডিসেম্বর লিটন মিয়া নামে এক ব্যক্তিকে নিতাইগঞ্জ খালঘাটের একটি পরিত্যক্ত ভবনের ছাদে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় লিটনের ভাই সিরাজ মিয়া ফাঁসির রায় পাওয়া তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। আসামিরা সবাই নিহত লিটনের বন্ধু। হত্যার দায় স্বীকার করে হাবীব ও রফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত