নড়াইলের উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন এমপি মাশরাফী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২০ এএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল জেলার উন্নয়নে সকল সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি মডেল নড়াইল জেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভার শুরুতে মাশরাফী বিন মোর্ত্তজাকে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে জেলা প্রশাসক আনজুমান আরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

মাশরাফী বিন মোর্ত্তজা তার বক্তব্যে বলেন, ‘‘ নড়াইল জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়তে চাই। সে জন্য সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধান করতে হবে। এ জন্য আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন সকল দপ্তরের চাহিদা গুলি আমাকে জানাবেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের সহযোগিতা করবো। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে যা যা করণীয় আপনারা তাই করবেন। এ ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আসলে আমাকে জানাবেন।

মাশরাফী আরো বলেন, আমি ক্রিকেট খেলোয়াড়। নড়াইলে আমার বন্ধু-বান্ধব আছে আপনারা জানেন। নির্বাচন করেছি, এখন নতুন বন্ধু হবে এটাই স্বাভাবিক। আমার বন্ধু বা আত্মীয়স্বজন পরিচয় দিয়ে কেউ যদি কারও সঙ্গে কোন প্রকার প্রতারণা করে, তাহলে সে বিষয় অবশ্যই আমাকে জানাবেন।’’

মতবিনিময় সভা শেষে মাশরাফী বিন মোর্ত্তজা জেলা প্রশাসক ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন। ওই বৈঠকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে গিয়ে কোন ধরনের সহযোগিতা প্রয়োজন এবং বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএমসহ সকল বিভাগের কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত