বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখেছেন শাফিন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়রপ্রার্থী শাফিন আহমেদ বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে কী ধরনের অনিয়ম ঘটেছে এ ব্যাপারে কিছু বলতে নারাজ তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের আল মানারাত ইন্টারনেশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

শাফিন বলেন, "১২টা ২০ মিনিটে আমরা ভোট দিলাম। এর আগে আমি বেশ কয়েকটা কেন্দ্র দেখে এসেছি, আজকে সকাল থেকে এখানে (মানারাত এ পরিবেশ ভালো দেখলাম, কোনো অনিয়ম দেখিনি। তবে সকালে বেশ কয়েকটি স্থানে গিয়ে অনিয়ম দেখে এসেছি, আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি।”

তিনি বলেন, “বাকি দিনটাতে আমি আরও কেন্দ্রে যাবো, সবগুলো কেন্দ্র দেখে আপনাদের একটা সঠিক মতামত দিতে পারবো। সারাদিনের পর্যবেক্ষণ আমি বিকেল বেলা বলবো।”

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির সমর্থিত মেয়রপ্রার্থী বলেন, "হতাশ হওয়ার এখনও সময় হয়নি। আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে। লোকজন একটু আস্তে ধীরে আসা শুরু করছে দেখা যাক পরবর্তীতে।

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি লক্ষণীয়ভাবে কম, কেন কম তার ব্যখ্যা দিতে পারছি না তবে ভোটারদের সারা কম।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উত্তরের মেয়র ছাড়াও দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ড ও সংরক্ষিত ১২টি ওয়ার্ডের কাউন্সিলর কারা হচ্ছেন সেটিও নির্ধারিত হবে বৃহস্পতিবারের ভোটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত