ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়ায় ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
পৌরসভার ১৯টি কেন্দ্রে ৩৮ হাজার ৫৮৮ জন ভোটার ভোট দিচ্ছেন। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করে বলেন, সকাল ১০টার দিকে শিশু একাডেমি ভোট কেন্দ্রে তার পোলিং এজেন্ট মোস্তাক আহমেদ লাবলুকে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া তার সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
গত বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়।
