ভারত-পাকিস্তানের মধ্যকার সৃষ্ট উত্তেজনায় বন্ধ হয়ে গেল দুই দেশের মধ্যে ট্রেন সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা। পাকিস্তানের লাহোর থেকে ভারতের পাঞ্জাব রাজ্যে পর্যন্ত চলাচল করে দূরপাল্লার এই ট্রেন।
ডন জানায়, বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, সাময়িকভাবে এ ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। দুই দেশের মধ্যে পরিস্থিতি উন্নতি হলে এ ট্রেন আবার চালু হবে।
সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেস পাকিস্তানের লাহোর থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরের আত্তারি পর্যন্ত চলাচল করে। তবে আজ ট্রেনটি লাহোর ছেড়ে যায়নি।
১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় বিচ্ছিন্নবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের হামলার পর পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান।
মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একাধিকার ভারতের এ অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার পাকিস্তানে বিমান অভিযান চালায় ভারত। একইভাবে পরদিন পালটা অভিযানে পাক বিমান প্রবেশ করে ভারতে। পাল্টাপাল্টি বিমান হামলায় এখন পর্যন্ত ভারতের দুইটি ও পাকিস্তানের একটি যুদ্ধ জাহাজ ভূপাতিত হয়েছে। তবে ভারতের এক পাইলটকে গ্রেপ্তার করেছে পাকিস্তান।
