ভোটার উপস্থিতি কম থাকায় বিএনপিকে দুষছে ১৪ দল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি কাউন্সিলর পদের নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার জন্য বিএনপিকে দুষছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি একটি বড় দল। বড় দল নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হতেই পারে। তা ছাড়া আজ সিটি করপোরেশনের নির্বাচনের দিন আবহাওয়ার অবস্থাও ভালো ছিল না। সেই জন্য ভোটারের উপস্থিতি কম।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক পার্টির আয়োজনে ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক’ আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি বারবার ভোট বর্জনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যার চক্রান্ত করছে। ভোট বর্জনের মাধ্যমে জনগণের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে।

দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার বাইরে পাঠানো বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন কমিশনকে কঠোর হাতে নির্বাচন পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের একজন  নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন, এমনটাই হওয়া উচিত।

আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র এখন মৃত। আমি বলব, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের গণতন্ত্র চৌদ্দ হাত মাটির নিচে নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, আপনারা নির্বাচন থেকে পালিয়ে যাবেন, ভোট বর্জন করবেন আবার বলবেন গণতন্ত্র মৃত, এটাই আপনাদের কথা।

মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সম্পাদক অরুন সরকার রানা, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব ফোরকান আলী হাওলাদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত