ভোট নিয়ে কোনো অভিযোগ আসেনি: ডিএমপি কমিশনার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২০ পিএম

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আমাদের কাছে আসেনি।

বৃহস্পতিবার সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, সব কটি কেন্দ্রেই ছিল শান্তিপূর্ণ পরিবেশ। তবে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, ভোটারের উপস্থিতি কম।

ডিএমপি কমিশনার বলেন, উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত ছিলাম। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ‘সন্তোষজনক’।

এ সময় ধনিয়ায় একটি কেন্দ্রে প্রার্থীর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন ছিল। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত