বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের প্লেন ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় বিমানের পাইলট, ক্রুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঠিক কী কারণে ওই যুবক বিমান ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল তা এখনো অস্পষ্ট। এ বিষয়ে তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। সুতরাং এই মুহূর্তেই মামলার অগ্রগতি নিয়ে বলার মতো কিছু নেই।
আইজিপি বলেন, বিমান ছিনতাই চেষ্টার সব রকম আলামত হাতে এসেছে। আদালতের নির্দেশক্রমে আলামতগুলো সিআইডির ফরেনসিক বিভাগে পাঠিয়ে পরীক্ষা করা হবে। ফরেনসিক রিপোর্ট হাতে আসলেই এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ মিলবে। সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, এই দিনটির জন্য পুলিশ পরিবারের প্রত্যেক সদস্য অপেক্ষায় থাকেন। প্রতিটি জেলায় আমরা বার্ষিক পুলিশ সমাবেশ করি। এটি শুধু সমাবেশ নয়, এটি একটি মিলনমেলার মতো। প্রতিবছরই আমরা এই লক্ষ্য নিয়ে সমাবেশের আয়োজন করি, যেন সমাজের গণ্যমান্য ব্যক্তি, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকেন।
তিনি আরো বলেন, পুলিশ সদস্য পরিবারের সবাইকে ধন্যবাদ। কারণ, আপনারা সবাই এ অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আপনারা আসার কারণেই আমাদের এ মাঠ পরিপূর্ণতা পেয়েছে। তিনি বলেন, পুলিশের চাকরি করতে হলে দেহ ও মন সুস্থ থাকতে হয়। দেহ ও মন সুস্থ রাখার জন্যই এই ক্রীড়া প্রতিযোগিতা।
এর আগে বিকেল ৩টায় পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বেলুন উড়িয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ও তার স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা হোসেন। এ সময় সিএমপির পুনাক সভানেত্রী মির্জা মাহবুবা মোস্তফাসহ পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।
