একবারও পাকিস্তানের নাম নিলেন না। কিন্তু সন্ত্রাসবাদ বিষয়ে যেভাবে সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করলেন তাতে স্পষ্ট বোঝা গেছে পাকিস্তানের কথাই বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
শুক্রবার আবু ধাবিতে ওআইসির সম্মেলনে নিজের বক্তৃতায় তিনি বলেন, ‘যে সব দেশ সন্ত্রাসে মদদ দিচ্ছে, তাদের সতর্ক করতে হবে। বলতে হবে, দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বেড়েই চলেছে।’
১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানকে দুষতে থাকে। তাদের মাটিতেই সন্ত্রাসীরা আশ্রয় পাচ্ছে এমন দাবি করে দেশটি। এরপর দুই দেশ আঘাত-পাল্টা আঘাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঢুকে যায়।
এমন অবস্থায় ইসলামিক দেশগুলোকে নিয়ে আবুধাবিতে ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ সভা বসেছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সুষমা স্বরাজকে। সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানোয় এ দিন সভায় আসেনি পাকিস্তান।
পাকিস্তানকে ইঙ্গিত দিয়ে সুষমা বলেন, ‘সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করতে হবে এবং দেশের মাটিতে যে জঙ্গি শিবির রয়েছে, অবিলম্বে তা গুঁড়িয়ে দিতে হবে।’
সুষমা এদিন ইসলাম ধর্মেরও প্রশংসা করেন। তিনি বলেন, ইসলাম মানে শান্তি। এখানে সহিংসতার কোনো আশ্রয় নেই।
নিজের দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলিম ভাই-বোনদের নিয়ে বৈচিত্র্যপূর্ণ ভারত গড়ে উঠেছে। এই বৈচিত্র্য এবং সহাবস্থানের জন্যই মৌলবাদ ও চরমপন্থা ভারতীয় মুসলিমদের প্রভাবিত করতে পারেনি।’
