যানজট ও বায়ু দূষণের দায়ে লন্ডনে বাড়তি চার্জ আরোপ উবারের ওপর

আপডেট : ০১ মার্চ ২০১৯, ০৫:৩১ পিএম

লন্ডন শহরে গাড়ি চালাতে হলে বাড়তি চার্জ গুনতে হবে অ্যাপভিত্তিক উবারের চালকদের। লন্ডনের মেয়র সাদিক খান এ চার্জ আরোপ করেছেন।

উবার চালকরা এর বিরোধিতা করে বলেছেন, প্রায় ৯৪ ভাগ চালক কালো এবং এশিয়ান বলে তাদের বিরুদ্ধে এমন চার্জ আরোপ করা হয়েছে।

তবে মেয়র অফিস জানায়, ভাড়ায় চালিত এসব গাড়ির কারণে শহরে যানজট তৈরি হয় এবং বায়ু দূষণের মতো ক্ষতিও হয়। 'ব্ল্যাক ক্যাব' বলে পরিচিতি গাড়িগুলোও এর আওতায় থাকবে। এসব গাড়ির চালকরা লন্ডনে বিক্ষোভও করেছেন। 

৮ এপ্রিল থেকে লন্ডন শহরে গাড়ি চালাতে হলে প্রতিদিন বাড়তি সাড়ে ১১ পাউন্ড গুনতে হবে উবার চালকদের।

উবার চালক আবদুর রাজ্জাক হাদি বলেন, যদি শুক্র থেকে সোমবার পর্যন্ত আমি সেন্ট্রাল লন্ডনে গাড়ি চালাই তাহলে আমাকে বাড়তি ৬০ পাউন্ড গুনতে হবে। গরিব চালকদের জন্য এ চার্জ এক ধরনের শাস্তি বলে মন্তব্য করেন তিনি।

যাত্রীর কাছ থেকে এসব চার্জ আদায় করা সম্ভব হবে না। কারণ মেয়র কার্যালয় থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়।

লন্ডনে ভাড়ায় চালিত গাড়ির চালক রয়েছে এক লাখ ১৪ হাজার। যাদের বেশিরভাগই কালো, এশিয়ান এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর। ফলে এমন চার্জ আরোপ আইনি সমস্যায় পড়তে পারে।

খবর বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত