শিক্ষার্থীদের উদ্দেশে আবু সায়ীদ

‘দুর্নীতিবাজদের উল্টোটা করবে’

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০২:৪৪ এএম

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘যদি তুমি ভালো হতে চাও তাহলে তুমি শুধু বেয়াদব নও, যে মানুষকে তোমার দেখা দুর্নীতিপরায়ণ মনে হয়, মূল্যবোধহীন মনে হয়, রুচিহীন মনে হয়, তারা যা করে; তুমি তার উল্টোটা করবে।’ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় বই পড়া কর্মসূচির পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘মানুষ হলো দুই রকমÑ উচ্চতর, নিম্নতর। আমরা উচ্চতর মানুষের নাম দিয়েছি আলোকিত মানুষ।’ গ্রিক সম্রাট আলেকজান্ডারের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আবু সায়ীদ বলেন, ‘আলেকজান্ডারের বিনয়ী আচরণ ও ভদ্রতা দেখে পারস্যের (ইরান) জ্ঞানীরা জানতে চান, তিনি কার কাছ থেকে এরকম ভদ্রতা শিখেছেন। তখন আলেকজান্ডার বলেন, আমি বেয়াদবের কাছ থেকে আদব শিখেছি। কারণ বেয়াদব যা করে, আমি তা করি না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও অধ্যাপক আবু সায়ীদসহ আমন্ত্রিত অতিথিরা দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন। বই পড়া কর্মসূচির আওতায় নগরের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ২১০ শিক্ষার্থীকে গ্রামীণফোনের সহযোগিতায় পুরস্কার প্রদান করেন অতিথিরা।

সিটি মেয়র নাছির বলেন, ‘সব পঙ্কিলতা ও সংকীর্ণতা দূর হয় বই পড়ে। প্রাতিষ্ঠানিক পাঠ্যবইয়ের পাশপাশি জ্ঞানগর্ভ বই পড়ে জীবনকে অর্থবহ করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত