গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল মোল্লা (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানান, সামিউল তার বাড়ির সামনে সবজি ক্ষেতে বিদ্যুৎচালিত মটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সামিউল মোল্লা পোল্ট্রি ও মৎস্য ফিড ব্যবসায়ী ছিলেন। তিনি কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রেমানন্দ জানান, হাসপাতালে আনার আগেই সামিউল মোল্লার মৃত্যু হয়।
