রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষককে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সর্বহারা পরিচয়ে ফোন করে ওই শিক্ষকের কাছে প্রথমে চাঁদা দাবি ও পরে হত্যার হুমকি দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্লাহ ও দর্শন বিভাগের শিক্ষক আমিনুল ইসলামকেও একই কায়দায় হুমকি দেওয়া হয়। তাদের প্রত্যেকের কাছেই প্রথমে টাকা চাওয়া হয়। টাকা না দিলে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
অধ্যাপক জুলফিকার আলী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির কপিতে বলা হয়, শনিবার সন্ধ্যার পর অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফোন তুলতেই ওপাশ থেকে একজন সর্বহারা দলের স্বপন কুমার বলে পরিচয় দেয়। এ সময় সে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একটি নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে বলে। এতে অস্বীকৃতি জানালে সে আমাকে হত্যার হুমকি দেয়।
জুলফিকার আলী দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমে আমার কাছে পাঁচ লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। আমি থানায় জিডি করেছি।’
জানতে চাইলে মতিহার থানার ডিউটি অফিসার পিএসআই মো. আল মামুন বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। শিগগিরই পুলিশি কার্যক্রম গ্রহণ করা হবে।’
