শাড়ি পরা অবস্থায় প্রায় ১ কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরেছেন প্রশাসনের নারী কর্মকর্তা সালমা খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ সাহসিকতাকে বাহবা জানাচ্ছে অনেকে।
শনিবার রিকশায় রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন সালমা খাতুন। এ সময় যানজটের মধ্যে তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে উদ্ধার করেন তার চেইনটি।
সালমা খাতুন কর্মরত আছেন ঢাকার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরে।
ভূমি কর্মকর্তা সালমা খাতুন জানান, শনিবার বিকেলে রিকশায় করে রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন তিনি। ওখানে যানজটে বসে থাকার এক মুহূর্তে তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেন ছিনতাইকারী। শাড়ি পরিহিত অবস্থা ছুটতে ছুটতে অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন। ছিনতাইয়ের সময় লকেটসহ চেইনটি টুকরো হয়ে যাওয়ায় পুরো অংশ উদ্ধার করতে পারেননি।
৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য নেন পুলিশের। ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।
তিনি বলেন, একজন নারীর সাহসিকতা দেখে দশজন নারী এগিয়ে আসবে। তারাও প্রেরণা পাবে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার।
×
