লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইস্রাফিল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিলন ওরফে টাকলু মিলনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মো. মিলন ওরফে টাকলু মিলন উপজেলার দত্তপাড়া দৈন্যপুর গ্রামের মৃত মুনছুর আহমদের ছেলে এবং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় চাঞ্চল্যকর ইস্রাফিল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিলন ওরফে টাকলু মিলনকে গ্রেপ্তার করা হয়। টাকলু মিলন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
লক্ষ্মীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা জানান, হত্যা মামলার পলাতক আসামি মো. মিলন ওরফে টাকলু মিলনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
