পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০২:১২ এএম

রাজধানীর শ্যামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে ভুক্তভোগীর বড় বোন বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার ছোট বোন এবং দোলাইরপাড় এলাকায় বসবাসরত স্কয়ার হেলথ কেয়ার ফার্মেসির মালিক জান্নাতুল ফেরদৌসের মেয়ে একই স্কুলে পড়ালেখা করত। বন্ধুত্বের সুবাদে জান্নাতুল ফেরদৌসের বাড়িতে আমার বোন আসা-যাওয়া করত। এক দিন জান্নাতুল ফেরদৌস চেতননাশক ওষুধ খাইয়ে শিশুটিকে অজ্ঞাত লোকদের দ্বারা ধর্ষণ করান। তিনি আরও বলেন, চাইল্ড ভিক্টিম সেন্টারে বিষয়টি জানানো হলেও আসামিরা নানাভাবে খালাস পেয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করতে চাইলে আমাদের পরিবারকে ভাড়াটে সন্ত্রাসী দ্বারা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি এড়িয়ে গিয়ে বলেন, ঘটনা যেহেতু স্কুলের বাইরে তাদের কিছু করার নেই।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রধান শিক্ষকও ওই নারীর (জান্নাতুল ফেরদৌস) সঙ্গে জড়িত। প্রধান আসামি ফেরদৌসকে বাঁচানোর জন্য নানাভাবে চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্যামপুর থানায় গত ০৮/১১/২০১৮ সাধারণ ডায়েরি করেন। পুলিশ ১১ নভেম্বর রাতে তিনজনকে আটক করে পরদিন আদালতে সোপর্দ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত