আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে চলমান থাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে।
শহীদুল আলমের পক্ষে তার আইনজীবী সারা হোসেন সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
আবেদনে ওই মামলার কার্যকারিতা চ্যালেঞ্জ করার পাশাপাশি তদন্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
কার্যতালিকায় আসলে আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান সারা হোসেন।
গত বছরের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘উস্কানিমূলক বক্তব্য’ ও একটি বিদেশি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ‘সরকারকে প্রশ্নবিদ্ধ’ করার অভিযোগে ওই বছরের ৬ আগস্ট শহীদুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে ওই বছরের ১৫ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পান শহীদুল আলম।
