সেনাবাহিনীর পোশাক পরে নির্বাচনী প্রচারে বিজেপি এমপি!

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৪:২৮ পিএম

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারত-পাকিস্তান উত্তেজনা পরিস্থিতিকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে বিজেপি। ইতিমধ্যে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুই দেশের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।

এনডিটিভি জানায়, এদিকে সেনাবাহিনীর পোশাকে বিজেপির হয়ে প্রচার করে নেমে বিতর্ক সৃষ্ট করলেন দলটির দিল্লির সভাপতি মনোজ  তিওয়ারি। শনিবার ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে প্রচারে নামেন তিনি। এতে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়েছেন এ বিজেপি এমপি।

তৃণমূলের রাজ্যসভার নেতা  ডেরেক'ও ব্রায়েন টুইটারে প্রতিক্রিয়ায় জানান,  লজ্জা লজ্জা লজ্জা! দিল্লি  বিজেপির সভাপতি ও এমপি সেনাবাহিনীর পোশাক পরে ভোট চাইছেন। এ করেই  বিজেপি এবং মোদী-শাহরা আমাদের সেনাবাহিনীকে অপমান করছেন আর দেশপ্রেম নিয়ে ভাষণ দিচ্ছেন! 

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহও আক্রমণ করেন মনোজকে। সেনা পোশাক পরিহিত মনোজের ছবি পোস্ট করে তিনি লেখেন, এরপরও বিজেপি নেতারা সেনাবাহিনীর রাজনীতিকরণ নিয়ে বিরোধীদের উদ্দেশে ভাষণ দেবেন! 

একইভাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, এটি একটি রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা মাত্র। একজন জওয়ান দেশের সম্মান রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেন। ইউনিফর্ম তার গৌরবের প্রতীক। আর তা নিয়েই তামাশা করছেন  বিজেপি নেতা।

তবে বিরোধীদের এসব সমালোচনাকে নাকচ করে দিয়েছেন বিজেপি নেতা।  তিনি বলেন, আমি সেনা বাহিনীর জন্য গর্ববোধ  করি বলে তাদের পোশাক পরেছি। আমি সেনাবাহিনীতে নেই কিন্তু জওয়ানদের জন্য আমার সহমর্মিতা আছে। আর তাই আমার কাজটাকে বাহিনীর প্রতি অপমান হিসেবে দেখার কোনো কারণ নেই। বাহিনীর প্রতি আমার যথাযথ সম্মান আছে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত