'ইওর হাসব্যান্ড ইজ লাকি' কাদেরের স্ত্রীকে বললেন শেঠি

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৪:৪৯ পিএম

ভারতের প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডা. দেবী শেঠি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে তার স্ত্রীকে বলেছেন, 'ইওর হাসব্যান্ড ইজ লাকি (আপনার স্বামী সৌভাগ্যবান)।... ইউরোপ-আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার নাই।'

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি শনিবার ঢাকায় এসে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে যান।

এরপর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এবং হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান সংবাদ সম্মেলনে এসব জানান।

দেবী শেঠিকে উদ্ধৃত উপাচার্য বলেন, ‘ঢাকার হৃদরোগ বিশেষজ্ঞরা যা করেছে সেটি খুবই চমৎকার’।

ভারতীয় এ বিশেষজ্ঞকে দেশে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান কনক কান্তি বড়ুয়া।

দুপুর একটার দিকে দেবী শেঠি ঢাকায় এসে পৌঁছান। তার এবং দেশি চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে।

সাংবাদিকদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ওবায়দুল কাদেরের ডায়াবেটিক ছিল অনিয়ন্ত্রিত। এর আগেও হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, 'ওনাকে স্ট্যান্টিং করার জন্য আগেও পরামর্শ দেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর আমার এখানে আসার পর আমি একটা মেডিকেল বোর্ড করে ওনাকে পরামর্শ দেই। আমার মেডিকেল বোর্ড বলেছে, আপনি এখানে ভর্তিই থাকেন। কিন্তু স্বাভাবিকভাবেই ইলেকশন ৩০ তারিখে। উনি বললেন যে ইলেকশনের পর পরেই এসে উনি ভর্তি হবেন।'

সেতুমন্ত্রীর ফুসফুসেও সমস্যা রয়েছে বলে উপাচার্য জানান।

রোববার ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক রয়েছে, যার একটিতে স্টেন্টিং করে দেওয়া হয়।

খবর: বিবিসি বাংলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত