নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ সদস্য রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ সোনারগাঁওয়ের যুবক আমিনুল ইসলাম ওরফে কালু হত্যার মামলার এজাহারভুক্ত আরো চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে রূপগঞ্জের মামলার আসামিদের নরসিংদী থেকে এবং সোনারগাঁওয়ের মামলার আসামিদের সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা থেকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, ২০১৮ সালের ২১ নভেম্বর রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় তুচ্ছ ঘটনার বিরোধকে কেন্দ্র করে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনির হোসেন নামের একজনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে উপস্থিত মনির হোসেনের দুই শ্যালক পুলিশ সদস্য রাসেল ও রাজু গুরুতর আহত হন। ঘটনার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাসেল (৩৫) মারা যান।
নিহত রাসেল স্থানীর মুক্তিযোদ্ধার আজহারুল ইসলামের ছেলে। তিনি ঢাকা পুলিশের এসবি শাখার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে থাকাবস্থায় তাকে আসামিরা হামলা করে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার রাসেলের মা মনোয়ারা বেগম রূপগঞ্জ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ রবিবার রাতে নরসিংদী জেলার মাধবদী বাজার এলাকা থেকে দুই আসামি মান্নান ও মাসুদকে গ্রেপ্তার করে।
এদিকে গত ১ মার্চ রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার এনায়েত নগর এলাকার আমিনুল ইসলাম ওরফে কালুকে (২৫) স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ২ মার্চ সোনারগাঁও উপজেলার কার্পুদি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত কালুর বড় ভাই সামছুল হক বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রবিবার রাতে নিহত কালুর স্ত্রী রিক্তা বেগম, তার পরকীয়া প্রেমিক পলাশ এবং তাদের দুই সহযোগী মাসুম ও ইমরানকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধ স্বীকার করেছে। তারা এ ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতেও সম্মত হয়েছে। তাদের শিগগিরই আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হবে।
দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
