বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বিগ বি খ্যাত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সামনে মুক্তি পেতে যাওয়া ‘বদলা’ সিনেমা কেন্দ্র করে বাদশার দিকে এই অভিযোগের তীর শাহেনশাহর।
বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত রহস্য থ্রিলার ‘বদলা’ সিনেমার সহ প্রযোজক শাহরুখ খান। আর এতে অমিতাভকে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তাপসী পান্নু রয়েছেন তার মক্কেলের চরিত্রে। এর আগে ২০১৬-এ মুক্তি পাওয়া ‘পিঙ্ক’-এ অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুর অভিনয় মনে রেখেছেন দর্শক। তাই আসন্ন ‘বদলা’ নিয়েও দর্শক সাধারণের আগ্রহ তৈরি হয়েছে।
এই ছবি নিয়েই শাহরুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অমিতাভ। বিগ বি-র অভিযোগ, এই ছবির একটি পোস্টার তার পছন্দ হয়েছিল। কিন্তু তা বাতিল করে দেন শাহরুখ স্বয়ং। প্রোডাকশন টিম অমিতাভকে এই তথ্য জানিয়েছিল।
সম্প্রতি এক টিভি শোতে মুখোমুখি হন অমিতাভ এবং শাহরুখ। সেখানে সরাসরি এই অভিযোগ করেন অমিতাভ। শাহরুখও অভিযোগ মেনে নিয়ে নিজের অপছন্দের কথা স্পষ্ট জানিয়েছেন।
